///

নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত তরুণীকে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক-২, নোহা গাড়ি জব্দ

13 mins read

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে অপহরণের মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে আটকে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৭ মে রাত আনুমানিক ১০টার দিকে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকার “হাইপ্রিয়ান সীপাল” আবাসিক হোটেলের ৬/সি নম্বর কক্ষে অভিযান চালায়।

অভিযানে অপহৃত তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে হাতে-নাতে আটক করা হয়। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-৫৩২৩) জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ ফাক্রিকাটা এলাকার ছুরত আলমের ছেলে শামসুল আলম (৩৩) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মমতাজ আহমেদের ছেলে শাহ আলম (৩৪)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিশেষ করে চালক শাহ আলমের ব্যবহৃত মাইক্রোবাসের মাধ্যমে দুর্গম এলাকা থেকে তরুণী ও অসহায় নারীদের কৌশলে পর্যটন এলাকায় নিয়ে আসা হতো বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে তারা ভদ্রবেশী হিসেবে পরিচিত হলেও আড়ালে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত। তাদের কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল।

উল্লেখ্য, তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় এর আগে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। অভিযোগ পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রুদ্ধশ্বাস এ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

উদ্ধারকৃত তরুণী ও গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version