
পিরোজপুর: পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পিরোজপুর -১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
”একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় শহরের টাউন ক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চে সুজন এর পিরোজপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী।এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে শুধুমাত্র এই দুজন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠানে দুই প্রার্থী তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় উপস্থিত সাধারণ জনগণ প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের একপর্যায়ে দুই প্রার্থী ও উপস্থিত জনগণ একে অপরের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শপথ নেন, যা অনুষ্ঠানে এক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।
সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন খুলনা বিভাগের সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


