

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামে থাকা সরকারি খাস জমি স্থানীয় ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করা, প্রকৃত ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, সরকারি অর্থায়নে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার দাবিতে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চারদফা দাবিতে রসুলপুর গ্রামের ভূমিহীন জনতা এই মানবন্ধনের আয়োজন করেন। এর আগে এসব দাবিতে তাঁরা ওইদিন দুপুর ১২টার দিকে মধ্যনগর ইউএনওর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রসুলপুর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন,মজিবুর রহমান,ফাহিম চৌধুরী, রোকসানা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামে ১৮একর সরকারি খাস ভূমি রয়েছে। রসুলপুর গ্রামটিও সরকারি খাস ভূমিতে রয়েছে। প্রায় ৩৫বছর ধরে এই গ্রামটিতে শতাধিক পরিবার বসতঘর নির্মাণ করে সরকারি খাস জায়গায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ১৮একর খাসভূমির মধ্যে মাত্র সাত একর ভূমি স্থানীয় ভূমিহীনদের দখলে রয়েছে। অবশিষ্ট খাস ভূমি স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করণের দাবি জানানো হয়।
উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন বলেন,স্থানীয় একটি প্রভাবশালী মহল আমাদের রসুলপুর গ্রামে থাকা সরকারি খাস ভূমি দখল করে রেখেছেন। আমাদেরকে সরকারি খাস ভূমিতে আবাদ করতে দেওয়া হচেছ না। অবিলম্বে অবৈদ দখলদারদের উচ্ছেদ করে আমাদের গ্রামের ভূমিহীনদের ওই খাস জমি বন্দোবস্ত দেওয়াসহ বিভিন্ন দাবিতে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। এ ছাড়া বিষয়টি নিয়ে ইউএনও স্যারের কাছে লিখিতভাবে আবেদন করেছি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন,এ সংক্রান্ত একটি লিখিত আবেদন আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


