
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্র্ম সংলগ্ন তেগুইন্না বিলে গত মঙ্গলবার বিকেলে পৃথকভাবে অভিচান চালিয়ে ৮০লাখ ৫৫হাজার টাকা মুল্যের এক হাজার ৬১১বস্তা ভারতীয় চিনি ও আটটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে চিনি এনে আটটি ইঞ্জিনচালিত নৌকাযোগে গত মঙ্গলবার বিকেলে তা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের সামনে থাকা তেগুইন্না বিল হয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মধ্যনগরের ইউএনও অতীশ দর্শী চাকমা ও মধ্যনগর থানার ওসি (তদন্ত) মোর্শেদ আলমের নেতৃত্বে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে সেখানে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ৮০লাখ ৫৫হাজার টাকা মুল্যের এক হাজার ৬১১বস্তা ভারতীয় চিনি ও আটটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রৌহা গ্রামের মোস্তফা কামাল(৪১) ও দাতিয়াপাড়া গ্রামের আলম নূর (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।


