

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটি’র উদ্যোগে ‘অরবিট্যাক্স সাস্ট এসডব্লিউই টেকনোভেন্ট-২০২৩ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
এ প্রতিযোগিতায় সেফালো-ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম স্ট্রং নট এনাফ, রানারআপ হয়েছে বুয়েটের টিম আলুর দল, তৃতীয় হয়েছে শাবিপ্রবির টিম বার্লেক্যাম্প ম্যাসে।
অন্যদিকে ক্যাপচার দ্যা ফ্ল্যাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম ডিসক্লোসিফাই, দ্বিতীয় হয়েছে ফেডারেল বন ইনভেস্টিগেশন। এছাড়া ব্রেইন স্টেশন-২৩ হ্যাকাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইইউটির টিম পিক্সেল, দ্বিতীয় হয়েছে বুয়েটের টিম জিআরসি, তৃতীয় হয়েছে সাস্ট পনিক্স। এছাড়া ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় আরো ৭টি টিমকে পুরস্কৃত করা হয়।
শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেকনোভেন্ট প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার ঘোষণা দিয়েছে। সেটার মূল কারিগর হবে তোমরা। এ ধরনের প্রোগ্রামিং কনটেস্ট স্কিল ডেভেলপ করে, তার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যাবে। শিক্ষার্থীরা এ প্রতিযোগিতাগুলোর মধ্যে দিয়ে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিচ্ছে। তাই আমাদের থেমে থাকা যাবেনা, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির স্কিল দিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় বহির্বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় চলে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির শিক্ষক, শিক্ষার্থী, স্পন্সর অরবিট্যাক্স, সেফালো বাংলাদেশ, ব্রেইন স্টেশনসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০টি টিম অংশ নিয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট অন্যতম। এতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের মোট ৭২০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে তিনটি ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি, নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


