////

শীতের রাতে ভবঘুরে মানুষের পাশে জৈন্তাপুরের (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা

14 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় শীতার্ত ভবঘুরে মানুষের মাধ্যে শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
জৈন্তাপুর উপজেলায় মধ্যরাত থেকে বেড়ে যায় শীতের তীব্রতা। ভোর থেকে কনকনে শীত ও ঘনকুয়াশায় আছন্ন হয়ে পড়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল। দুপুর পর্যন্ত রোদের দেখা পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়, যা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তীব্র কনকনে রূপ ধারণ করে। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি জৈন্তাপুর উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ধারণ করা হয়েছে ১২.০৯°। উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ ‘কনকন’ এর বর্ধিতাংশ সিলেট বিভাগ অতিক্রম করতে থাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় নিম্নআয়ের মানুষের যেমন ভোগান্তির শেষ নেই, তেমন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানকারী ভবঘুরে মানুষ গুলো। ভবঘুরে মানুষগুলো মানসিক ভারসাম্যহীন। আশপাশের হোটেল-রেস্তোরাঁ থেকে পাওয়া খাবার খেয়ে জীবনধারণ করলেও শীত নিবারণের জন্য তাদের নেই কোন শীতবস্ত্র। শীতের তীব্রতার মধ্যে উপজেলার ভবঘুরে মানুষ গুলোর মধ্যে কম্বল বিতরণ করলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বৃহস্পতিবার রাত ৮টায় কুয়াচ্ছন্ন তীব্র শীতে উপজেলার অন্যতম বৃহৎ বাজার দরবস্ত বাজারে কম্বল নিয়ে হাজির হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা সদরের স্টেশন বাজার, দরবস্ত বাজার, ৪নং বাংলা বাজার এলাকার যাত্রী ছাউনীতে, বাজারের বিভিন্ন শেডে, পরিত্যক্ত ঘরের বারান্দায় অবস্থান করা মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষদের গায়ে শীতের কম্বল জড়িয়ে দেন। কম্বল বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, নিজপাট, জৈন্তাপুর, দরবস্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার গুলোতে অবস্থান নেওয়া ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোকে খোঁজে বের করে কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিয়ন গুলোতে শীতের কম্বল বিতরণ করা হবে। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version