

সিলেটের জুড়ীতে ‘পলো বাওয়া’ উৎসব সম্পন্ন প্রতি বছরের মত এবারও মৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্ঠিনালা নদীতে শতশত লোক পলো দিয়ে মাছ ধরতে নামে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কন্টিনালা সেতু থেকে রাবার ড্যাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ নদী জুড়ে পলো দিয়ে মাছ ধরা লোকজনের নিকট উৎসবে পরিণত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসবের আয়োজন করে জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য আব্দুল জব্বার, কামরুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ। পূর্ব ঘোষিত এ উৎসবে স্থানীয় বেলাগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোক নদীতে পলো বাইতে আসেন।

পেশাদার ও অপেশাদার সৌখিন মাছ শিকারিরা পলো নিয়ে নদীতে ঝাপিয়ে পড়েন। এদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা, ঠেলা জাল, উড়াল জাল, ছিটকি জালসহ বিভিন্ন প্রকারের সরঞ্জাম নিয়ে মাছ ধরতে নদীতে নামেন। বাদ পড়েননি এলাকার শিশু-কিশোরাও। তাদেরকেও ব্যাপক উৎসাহে মাছ ধরার কাজে নিয়োজিত থাকতে দেখা যায়।
স্থানীয় নারী-পুরুষসহ দুর-দুরান্ত থেকে লোকজন পলো বাওয়া উৎসব উপভোগ করতে বেলাগাঁও গ্রামে কন্টিনালার দুই তীরে সমবেত হন। শিকারীদের হাতে ছোট বড় বিভিন্ন প্রজাতীর মাছ ধরা পড়ে।


