
সিলেটে মাঠ জুড়ে বইছে সবুজের সমারোহ। বাতাসে দুলছে সবুজ পাতায় মোড়ানো কৃষকের স্বপ্নের সোনার ফসল। চৈত্রের দিপ্তরোধে জমির বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। তবে এবার সেই সোনালী ধান গোলায় তোলার পালা। তারই ধারাবাহিকতায় সিলেটে শুরু হয়েছে ধান কাটা উৎসব।
শনিবার (১৫ এপ্রিল) সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ঝিলকার হাওরে ধান কর্তন ও মাঠ দিবস পালন উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আজমিরি হক, সিলেট কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল মান্নান, অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আনিছুজামান, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরন মিয়া সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।
সার্বিক বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। তিনি উপস্থিত কৃষকদের সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন। এসময় দ্রুত হাওরের ধান কাঠার আহবান জানান জেলা প্রশাসক।
মজিবর রহমান বলেন, এবার হাওরে ধান অনেক ভালো হয়েছে। বর্ষার আগে ধান গুলো ঘরে তোলার ক্ষেত্রে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি যেনো সরকারের ধান সংগ্রহমাত্রা বৃদ্ধি করা হয়। সংগ্রহমাত্রা একটু বেশি হলে আমাদের কৃষকেরই লাভ হবে। তারা সুন্দর করে জীবন-যাপন করতে পারবেন। পতিত জমিকে কৃষি ক্ষেতের আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি।


