
পিরোজপুর :পিরোজপুর- সদর সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি চক্র আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় আগামী ৬ ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান এর পিরোজপুরের জনসভা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্যদিকে কেন্দ্রীয় আমীরের পিরোজপুরের জনসভা নিয়ে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমীরের পিরোজপুর আগমন ও জনসভা জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বিগত দিনের দুঃশাসন ও জুলুম-নিপীড়ন কাটিয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনের যে নতুন স্বপ্ন আজ দেশের মানুষ দেখছে সেই প্রেক্ষাপটে আমীরে জামায়াতের এই আগমন আমাদের প্রেরণা জোগাবে।তিনি পিরোজপুরের সাধারণ মানুষের সাথে মিলিত হবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দেশ গড়ার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর-৩ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এবং জামায়াত সমর্থিত প্রার্থী ড.শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সহকারি সেক্রেটারি মাওলানা সেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মো.ইসহাক আলী খান, সহকারি পৌর সেক্রেটারি মো. আনসারুজ্জামান।


