////

আল্লাহর তরফ থেকে আবাবিল পাখির মতো ছাত্র-জনতা রাস্তায় নেমেছে—উপদেষ্টা আদিলুর রহমান খান

11 mins read

বাজিতপুর (কিশোরগঞ্জ), প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গণভোট অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আল্লাহর রহমতে জুলাইয়ের ছাত্র-জনতা আবাবিল পাখির মতো এ দেশকে রক্ষা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন, অনেকেই প্রমোশন থেকেও বঞ্চিত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব সংগঠনের সমন্বয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। এটি দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আমরা স্বাধীনতার পক্ষে, বিদেশি আগ্রাসনের বিপক্ষে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার পক্ষে। যারা এগুলো চায় না, তাদের চিনে রাখবেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই—জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন এবং স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন।”

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জেবুন নাহার শামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। স্বাগত বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ।

আলোচনায় আরও বক্তব্য দেন সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্ত। সভায় মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version