

সিলেটের ওসমানীনগরে আগুনে পুড়ে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত তরুণী হচ্ছেন উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফখরুল ইসলামের মেয়ে কলি বেগম (২৫)। রোববার (৫ মার্চ) সন্ধ্যায় কামারগাঁও গ্রামে তরুণীর নিজ বাড়ির উঠোনে এ ঘটনাটি হয়।
জানা যায়, কলি বেগমের মা, বোন এবং সৎ মা রোববার সন্ধ্যায় নিজ ঘরে মাগরিবের নামাজ আদায় করছিলেন। নামাজে থাকাবস্থায় আগুন আগুন চিৎকারে তারা ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠোনে কলির অর্ধপোড়া দেহ দেখতে পান। সাথে সাথে স্থানীয়রা ডাক্তারের স্মরণাপন্ন হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কলির মা মিনারা বেগম বলেন, মাগরিবের নামাজ শেষে চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আমার মেয়েকে আগুনে পোড়া অবস্থায় দেখতে পাই। কিভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।
ওসমানীনগর থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান স্যার। আমিও সাথে ছিলাম।
পরিদর্শনকালে কলির স্বজনদের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। এটি আত্মহত্যা কি না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।


