/////

কলেজ হতে বোর্ডের খাতা চুরি, ২ জনের বিরুদ্ধে মামলা

14 mins read

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ হতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বি.এম (বিজনেস ম্যানেজমেন্ট) শাখার বোর্ড পরীক্ষার খাতা চুরির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
৮ মে রোববার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও কালীগঞ্জ আমলী আদালতে মামলাটি করেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।
মামলায় আসামি করা হয়েছে কলেজটির বি.এম শাখার সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম মিল্টন ও তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল। মামলাটি আমলে নিয়ে কালীগঞ্জ আমলী আদালতের বিচারক বৈজয়ন্ত সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি ২০১৪ সালের ১সেপ্টেম্বর ছুটি নিয়ে উপাধ্যক্ষের নিকট ক্ষমতা হস্তান্তর করে পবিত্র হজ পালনে যান। এরপর একই বছরের ২৭ অক্টোবর কলেজের গভর্নিং বডি বিধি বহির্ভূত ভাবে তাকে বহিষ্কার করেন এবং উপাধ্যক্ষ আব্দুল মজিদ মণ্ডলকে দায়িত্ব প্রদান করেন। এরপর মহামান্য হাইকোর্টের রিট পিটিশন তাকে অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল করেন।
তারপরও নানা তাল বাহানা শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর তিনি দায়িত্ব বুঝে পান। এরপর বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেন। এ সময় তিনি বোর্ডের খাতা চুরির বিষয়ে কানাঘুষা শোনেন। কিন্তু আসামিদের ভয়ে কেউই মুখ খুলতে সাহস পায় না।
তারপর তিনি কলেজের গোডাউনে রক্ষিত বিএম শাখার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখার বোর্ড পরীক্ষার উদ্দ্যেশে প্রেরিত ৬ বস্তা মূল খাতা, ১ বস্তা লুজ খাতা, বাস্তব প্রশিক্ষণের কিছু খাতা ও ১ বস্তা বোর্ডের বই চুরি করেন ১নং ও ২নং আসামি, যেগুলো তারা রেজিস্ট্রিভুক্ত করেনি।
তিনি আরও উল্লেখ করেন, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মণ্ডলের প্রত্যক্ষ সহযোগীতায় ছাত্র-ছাত্রীদের অবৈধ সুবিধা প্রদানের জন্য নানা ভাবে আর্থিক দুর্নীতির সাথেও জড়িয়ে পড়েন। পারস্পারিক সহযোগীতার মাধ্যমে ১নং ও ২নং আসামির বিরুদ্ধে কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে রীতিমত চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক অভিযোগ বিদ্যমান।
কলেজটির অধ্যক্ষ ড. মো: মাহাবুবুর রহমান বলেন, করোনার কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় বোর্ডের খাতা গুলো কলেজের গোডাউনে থেকেই যায়। সেই খাতা চুরি করে বিক্রি করা হয়েছে।
মামলাটি আদালত আমলে নিয়ে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ প্রদান করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version