/////

কানাইঘাটে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল নদীতে

7 mins read
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সাতবাক ইউনিয়নের লোভারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সালিক আহমদ (৪৮) ১নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লোভারমুখ বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসা মাত্র আগে থেকে উৎপেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে। পরে তার লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version