

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার জাউয়াবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। অভিযানে জাউয়াবাজার বোকা নদীর তীরের উপর সরকারি ভুমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা ভেঙ্গে সরকারি ভুমি দখলমুক্ত করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে চরমহল্লা ইউনিয়নের জলালিচর গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র আফতাব মিয়া, একই গ্রামের জিতু মিয়া, চরগোবিন্দ গ্রামের সাঞ্জব আলীর পুত্র আছলম উদ্দিন ও ছনুয়া গ্রামের মৃত উস্তার আলীর পুত্র হারিছ আলী জাউয়াবাজার বোকা নদীর তীর সংলগ্ন সরকারি ভুমি দখলে নিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সরকারি ভুমিতে আধাপাকা স্থাপনা নির্মাণ করে সরকারি ভুমি অবৈধভাবে দখল করে রাখেন তারা।
উচ্ছেদ অভিযানে জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক,জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও ভুমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইসলাম উদ্দিন জানান, অবৈধভাবে দখলে থাকা সরকারি ভূমি উদ্ধারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


