

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) পদটি গত এক মাস ধরে শূন্য রয়েছে। উপজেলা প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় দাপ্তরিকসহ বিভিন্ন কাজে প্রত্যন্ত এলাকা থেকে আসা মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান গত ১০নভেম্বর অন্যত্র বদলী হলে পদটি শূন্য হয়। উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তিনি এখনো আয় ব্যয়ন ক্ষমতা পাননি। পদটি শূন্য থাকায় বিভিন্ন কাজে আসা মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের বরাদ্দ ছাড় হচ্ছে না।
ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি সর্বরকম চেষ্ঠা করছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এ উপজেলায় দ্রুত ইউএনও দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলেছি।


