
চাঁপাইনবাবগঞ্জে দুই পরিবহন শ্রমিক সংগঠনের বিরোধের জেরে বন্ধ থাকা বাস ও ট্রাক চলাচল আবারও শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেন শ্রমিকদের একাংশ। এরপর জেলার বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, সড়কে বেআইনিভাবে চাঁদা আদায় এবং এক শ্রমিককে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে তাদের সংগঠনের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিকেল ৩টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এ বিষয়ে বৈঠকে বসবেন বলেও জানান তিনি। সাইদুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করে আসছে। এর প্রতিবাদেই তারা কর্মবিরতিতে যান।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই বাস থেকে চাঁদা আদায় করছে। বরং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা নিচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে দুই সংগঠনের মধ্যে ইতোমধ্যে ছয়বার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এক ঘণ্টারও বেশি সময় আলোচনা হলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে তখন কোনো সমঝোতা করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার বিকেলে কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়েছে। দুই সংগঠনের মধ্যে চলমান বিরোধ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


