

২০১৮ বিশ্বকাপের ক্ষত এখনো ভোলেনি আর্জেন্টিনা। ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ শেষ হয়েছিল লিওনেল মেসিদের। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ৩-০ গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল। সেই ক্রোয়েশিয়াকেই কাতার বিশ্বকাপে মেসিরা পাচ্ছে সেমিফাইনালে। এবার আর্জেন্টিনার সামনে প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ।
বিশ্বকাপের শুরুতেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেক্সিকো-পোল্যান্ড, শেষ ষোলোতে অস্ট্রেলিয়া এবং কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পরাস্ত করে সেমিতে উঠে আর্জেন্টিনা।
সেমিফাইনালে মেসিরা যে প্রতিশোধ নিতে চাইবে সেটা ভালো করেই জানেন ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ। তিনি বলেছেন, এটা নিশ্চিত ওরা রাশিয়ায় হেরে যাওয়া ম্যাচটিকে প্রেরণা হিসেবে নেবে। আর্জেন্টিনা আক্রমণাত্মক ঘরানার দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে।
ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ১১৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে সমতায় ফিরিয়ে ছিলেন ব্রুনো পেটকোভিচ। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারায় ক্রোয়েটরা। আর্জেন্টিনার সামনে কি ফাঁদ পাতছে ক্রোয়েশিয়া? ইউরোপের দলটি মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। আর্জেন্টিনার বিরুদ্ধে তাদের জন্য চ্যালেঞ্জ হবেন লিওনেল মেসি। ইতিমধ্যে ক্রোয়েট কোচ আর্জেন্টাইন অধিনায়ককে থামানোর কৌশল বের করে ফেলেছেন। তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মেসিকে থামানোর ব্যাপারে আমাদের বিশেষ নজর দিতে হবে। দালিচ যেটা বলেছেন সেটি মেসি শুনে থাকলে তার খারাপই লাগার কথা, দলীয় খেলায় ব্যক্তিগত নৈপুণ্য কাজ করে না। আগেও আমরা এরকম করিনি, সামনেও করব না। মেসির খেলার জায়গা কমিয়ে দিতে হবে। সে খুব বেশি দৌড়ায় না, বলের পেছনেও ছোটে না। সে বলের জন্য অপেক্ষা করে এবং বল পাওয়ার পর নিজের শক্তি কাজে লাগায়। আমাদের এদিকে সতর্ক থাকতে হবে।
দালিচ লম্বা সময় ধরে ক্রোয়েশিয়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া প্রথম বার ফাইনালে উঠেছিল তার হাত ধরেই। তাই এবারও তিনি যে বড় স্বপ্নই দেখছেন সেটি বলাই বাহুল্য।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপর্যয়ের পর লিওনেল মেসিদের নিয়ে নতুন যাত্রা শুরু করেন লিওনেল স্কালোনি। গত চার বছরে দলটিকে এক সুতোয় গেঁথেছেন তিনি। ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন। ইতালিকে হারিয়ে জিতেছেন লা ফিনালিসিমা। সৌদি আরবের বিরুদ্ধে হারার আগে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে দলটি।
কাতার বিশ্বকাপের ফাইনালে উঠতে আর একটি ম্যাচেই জয় দরকার আর্জেন্টিনার। ক্রোয়েশিয়াকে হারাতে কীভাবে ছক কষছেন স্কালোনি? শুরুর একাদশ অনেকটা ব্যালেন্স করাটাই তিনি পছন্দ করেন। রক্ষণভাগ কখনো হাইলাইন আবার মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সাজান। আক্রমণটা শানাতে চান কার্যত মাঝ মাঠ থেকে। সে জন্য ৪-৩-৩ আবার কখনো ৪-৩-২-১ ফরমেশন বেছে নেন স্কালোনি। এখন দেখার, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টাইন কোচ কোন ফরমেশনটি বেছে নেন।


