
পবিত্র কোরআনে খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, রোজা পালন ও গরিবদের মধ্যে খাদ্য বিতরণের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরে পালিত হলো পবিত্র আশুরা।
শনিবার (২৮ জুলাই) তাজিয়া মিছিলের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় উপজেলার ১১ টি মোকামে পালন করা হয় পবিত্র আশুরা। মসজিদে মসজিদে আয়োজন করা হয় আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের ।
জানা যায়, ৬০ হিজরির ৯মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হোসেন(রা.) সপরিবার ইয়াজিদ বাহিনী দ্বারা অবরুদ্ধ হন। শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন(রা.) এবং পরিবারের প্রায় সব পুরুষ শাহাদাতবরণ করেন। হোসেন (রা.)–কে হত্যা করে সিমার তাঁর কর্তিত শির দামেস্কে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায়। কারবালার এই বিয়োগান্ত ঘটনার আগে অবশ্য ১০মহররম দিনটি আনন্দের দিন হিসেবে বিবেচিত হতো। কিন্তু কারবালার এই মর্মন্তুদ ঘটনার স্মরণে প্রতিবছর ১০ মহররম দিনটি মুসলিম বিশ্বে শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
উপজেলায় পবিত্র আশুরার জারি ও তাজিয়া মিছিল পালিত হয় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল পীর ওয়াছিদ আলীর বাড়ি পাঞ্জাতনের মোকাম, শাহ নূরুর রহমান শানুরের বাড়ির পাঞ্জাতনের মোকাম, মোতিয়ার গাঁও পাঞ্জাতনের মোকাম, নিজ করনসী পূর্বপাড়া পাঞ্জাতনের মোকাম, উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর পীরের বাড়ি পাঞ্জাতনের মোকাম, সাদিপুর ইউনিয়নের গজিয়া পাঞ্জাতনের মোকাম, ইব্রাহিমপুর পাঞ্জাতনের মোকাম, নলীকোনা পাঞ্জাতনের মোকাম, সৈয়দপুর পাঞ্জাতনের মোকাম, ধরখা পাঞ্জাতনের মোকাম ও পশ্চিম পৈলপুর ইউনিয়নের মশাখলা পাঞ্জাতনের মোকামে।
এসব মোকামগুলোতে বৃহস্পতিবার ২০ জুলাই থেকে শনিবার ২৯ জুলাই পর্যন্ত ১০দিন সকাল, দুপুর ও গভীর রাত পর্যন্ত মাতম, জারি, সঙ্গে রোজা ও নফল নামাজ, ইবাদত বন্দেগি ও শিরনী বিতরণ করা হয়।


