
রাজবাড়ীর কালুখালী উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন চন্দনা নদীতে কচুরিপানার চাপে একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের প্রায় তিনটি গ্রামের বাসিন্দারা।
এই সাঁকোটি দিয়ে প্রতিদিন স্থানীয় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা পারাপার হতো। সাঁকোটি ভেঙে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থী আক্ষেপ প্রকাশ করে বলেন, “নদী পার হতে না পেরে আমাদের অনেক দূর পথ ঘুরে কলেজে যেতে হচ্ছে। এতে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি ক্লাসে পৌঁছাতেও দেরি হয়ে যায়। আমরা দ্রুত এই পথ দিয়ে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা চাই।”
অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা দুর্ভোগের চিত্র তুলে ধরে জানান, “এই সাঁকোটিই ছিল ৩ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম। স্কুল-কলেজে ও দৈনন্দিন হাটে-বাজারে যাওয়ার ক্ষেত্রে এখন আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে।
দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি পেতে ও শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত রোধে অবিলম্বে সাঁকোটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


