

স্পোর্টস রিপোর্টঃ সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম. এ জলিল বলেছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পুলিশ সদস্যরা সাফল্যের স্বাক্ষর রাখছেন। বিশেষ করে তারা ফুটবল ও কাবাডিতে ভাল করছেন। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে না ভুগে আরও ভাল করতে হবে।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এম. এ জলিল আরো বলেন, আপনারা কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছেন। ভালো করার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। যারা বিজয়ী হতে পারেননি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবেন বলে প্রত্যাশা করি।
তিনি সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফিয়ান, রফিকুল ইসলাম, সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিক প্রমুখ।
সমাপনী খেলায় ট্রাইব্রেকারে হবিগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে সিলেট জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে৷


