
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসন ও যাতায়াত ভোগান্তি কমাতে নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ সেবা চালু করেছেন সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার (০৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ও চর আলাতুলি ইউনিয়নের মানুষের জন্য পদ্মা নদীর তীরে এই মহতি উদ্যোগের উদ্বোধন করা হয়।
নৌ অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার ও স্ট্রেচারসহ জরুরি প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম রয়েছে। নদী পার হওয়ার পর রোগীদের জন্য স্থলপথেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাবেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন: “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের মূল দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোগ নেওয়া হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি আরও জানান, ওই এলাকায় দ্রুত একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।


