
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৭.০২.২০২৬) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার ৪টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৪টি সংসদীয় আসনের অন্তর্গত ৭টি উপজেলায় অবস্হিত ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখান থেকে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলাসমূহে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।
তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কার্যক্রম, নিয়মিত টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


