
জকিগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সীমান্ত সচেতনতা বৃদ্ধি, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক ৩ নভেম্বর সন্ধ্যা ৮ঘটিকা হতে সাড়ে ৮ঘটিকা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাজারে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক ৭০-৮০ জন স্থানীয় জনসাধারণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সীমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে যাতায়াত, বিএসএফ কর্তৃক পুশইন প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি সংক্রান্ত পরিস্থিতি, শূন্য লাইনে মাছ ধরা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী জনসাধারণকে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিশেষ সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।