///

জকিগঞ্জে গভীর রাতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত একজন নিহত

8 mins read

সিলেট-জকিগঞ্জ সড়কের ট্রাক-নাভানা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বারহাল ইউনিয়ন এলাকার বটরতলের কাছাকাছি স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঢাকা মেট্রো-ছ-১১-১৬৫০ নাম্বারের নাভানা মাইক্রোবাসের। ঘটনার পরপরই ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে গেছে জানা গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইটেসের ভেতর থেকে একজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

গাড়ীর ভেতরে আরেকজনের লাশ রয়েছে কিন্তু গাড়ীটি দুমড়েমুচড়ে যাবার কারণে লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। রাত সাড়ে ৪ টায় এ সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে, গাড়ির ভেতরে থাকা ব্যক্তির লাশ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

জকিগঞ্জ থানা পুলিশের এসআই জাহেদ হোসেন জানান, আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় নাভানা মাইক্রোবাস দুমড়েমুচড়ে যাবার কারণে গাড়ির ভেতরে এক ব্যক্তির লাশ আটকা পড়েছে। লাশ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক ভাবে নিহত-আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া গাড়িটা সনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version