///

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

9 mins read

জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ দিদারুল ইসলাম দিদার জানান, ২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিখোঁজের তিন দিন পর একটি পাটক্ষেত থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই বছরের ১৯ মে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।নিহত মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর স্বপন মিয়া পড়তেন দশম শ্রেণিতে।

দীর্ঘ প্রায় এক দশক তদন্ত, ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় হলো। রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা। দন্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি একই এলাকায়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোঃ সাখাওয়াত, মোঃ সোহেল, মোঃ আলামিন, মোঃ সাদ্দাম, মোঃ উজ্জ্বল, অন্তর ও ফয়জুর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাউসার, রিফাত, সুমন ও মোস্তফা। আসামি পক্ষ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবার কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version