

জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় আহত বীমা কোম্পানির কর্মকর্তার মৃত্যু হয়েছে ৷ অপরজন চিকিৎসাধিন ৷
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত একটি বীমা কোম্পানির কর্মকর্তার হাসপাতালে মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন সজিব দে বিনয় (৩৫) নামের ওই যুবক।
সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সজিব দে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাটখালি গ্রামের কবিন্দ্র কুমার দে’র ছেলে। তিনি সিলেট মহানগরের পনিটুলা এলাকার পল্লবি-১৯ নং বাসায় পরিবার নিয়ে থাকতেন৷ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই পিন্টু দে।
তিনি জানান- তার বড় ভাই সজিব দে মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার। রবিবার অফিসের কাজে তিনি তার এক সহকর্মীকে নিয়ে মোটর সাইকেলযোগে জৈন্তাপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তপুর তৈয়ব আলী কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন।
দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী সহ কলোজের ছাত্র শিক্ষকরা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন৷ তাদের অবস্থা বেগতিক থাকায় কতর্ব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ বরেন৷ এসময় দুই কলেজ ছাত্র তাদেরকে নিয়ে সিলেট ভর্তি করেন। তবে সেখান থেকে রবিবার রাতে সজিব দে-কে সিলেট মহানগরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, কীভাবে এ দুজন দুর্ঘটনার শিকার হলেন তা কেউ দেখতে পাননি। দুর্ঘটনা কবলিত হয়ে তাদের গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
এ দুর্ঘটনায় আহত হন সজিব দে’র সঙ্গে থাকা রইছ মুনশি (৩৮)। তিনি মেটলাইফ ইন্সুরেন্স কোম্পানির অ্যাসোসিয়েট ম্যানেজার। রইছ মুনশি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


