
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
শুক্রবার (৮ মে) বিকাল ৪টায় উপজেলার বিদ্যাপীঠ সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুরের সভাপতিত্বে এবং মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ মতিন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এ মতিন বলেন, জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বৃত্তি ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের বিত্তবানদের উচিত শিক্ষাবান্ধব কার্যক্রমে আরও বেশি এগিয়ে আসা, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পথচলা থেমে না যায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে পরিবার, শিক্ষক ও সমাজকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। মেধাবীদের উৎসাহিত করার এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে অভিহিত করেন।
পুরস্কার প্রাপ্তি অনুষ্ঠানে মোট ৬১ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়। এর মধ্যে ৫২জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৯জন জামেয়া ও ইবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থী রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সাব্বির আহমদ, দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজাদ, খরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন শামীম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি গোলাম সরোয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাব সাবেক সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সহ-সভাপতি ইমাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, মুরাদ হাসান সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


