

তাহিরপুরে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধর নাম মোহাম্মদ আব্দুল হাই (৭০)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে মৃত সামাদ আলীর ছেলে।
এঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি একই ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মো.রইস মিয়ার ছেলে আনফর আলী(৩০)। সোমবার সন্ধা ৬ টার দিকে নিহতের বাড়ির উঠানে এঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নিহতের মেয়ের জামাই ফারুক মিয়া একটি অটো রিকশা নিয়ে শুশুর বাড়িতে যান। এসময় শুশুরের পাশ্ববর্তী হেকিমের ঘরের টিনের বেড়ার মধ্যে অটো রিকশা লেগে একটু ভেঙে যায়। এই নিয়ে ক্ষতিপূরন দাবী করেন হেকিম মিয়া ও তার স্ত্রী। তখন ফারুক মিয়া একটি নতুন টিন এনে দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। পরে সোমবার সন্ধায় পর্যন্ত ঘরের টিন এনে না দেওয়ায় নিহতের মেয়া আছমা ও হেকিমের স্ত্রীর মধ্যে দিনে কয়েক দফা ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে হেকিমের ফুফাতো ভাই আনফর আলী সংবাদ শুনে উত্তেজিত হয়ে নিহতের বাড়িতে এসে আছমাকে মারপিট করতে থাকে। এসময় আছমার চিৎকার শুনে তার বৃদ্ধ পিতা আব্দুল হাই ও তার ভাই আক্তার হোসেন এগিয়ে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে বৃদ্ধ আব্দুল হাই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারের পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিনের কাছে নিয়ে আসলে তিনি তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ডাঃ হাফিজ উদ্দিন কমপ্লেক্স এসে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মহিলাদের ঝগড়া কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে।


