//

দিনাজপুরে উদ্ধার ২০৫ বছরের পুরনো সীমানা পিলার

10 mins read

দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ২০৫ বছরের পুরনো একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের জোলাগাড়ি মহল্লার লুৎফর রহমানের পুকুর থেকে থানা পুলিশ সীমানা পিলারটি উদ্ধার করে।

সীমানা পিলারটির গায়ে সামনের অংশ ইংরেজি বড় হাতের অক্ষরে ‘EASTINDIA COMPANY 1818’ রয়েছে। লেখার উপরের অংশে বিপদজনক চিহ্ন এবং নিচের অংশে ক্রস চিহ্নের দুটি পতাকার প্রতীক রয়েছে। বিপরীত পাশে ইংরেজি বড় হাতের অক্ষরে UK3M লেখা রয়েছে। ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের পিলারটির দৈর্ঘ্য ৬৩০ সেন্টিমিটার ও প্রস্থ ২২০ সেন্টিমিটার। সীমানা পিলারটি বালু, সিমেন্ট ও খোয়ার তৈরি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক তুহিন নন্দী জানান, জোলাগাড়িতে লুৎফর রহমানের বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন স্থানীয় জেলে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় একজন জেলে তার হাতে একটি শক্ত ও ভারী পিলার সদৃশ কিছু অনুভব করেন। পরে ওই জেলে বিষয়টি বাকিদের জানালে তারা এসে পিলারটি পুকুরপাড়ে টেনে তোলেন। পরে স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের নিকট খবর পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সীমানা পিলারটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, সীমানা পিলারটি মূল্যবান ধাতব পদার্থ বা কোন প্রত্নতাত্তিক নিদর্শন কিনা যাচাইয়ের জন্য প্রত্নতাত্তিক অধিদপ্তরে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সীমানা পিলারটির বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version