
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় বিএনপি দলীয় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেছেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। রাষ্ট্রের সর্বস্তরে পরিবর্তনের জন্য ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।
শনিবার (৭ ফ্রেরুয়ারী) বিকাল ৫টায় আলমডাঙ্গা উপজেলা শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এবং বিএনপির আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন এবং সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীককের প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়ার আহ্বান জানান তারা।তারা আরও বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। জনসভা থেকে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।


