ধর্মপাশায় এক এসএসসির পরীক্ষার্থীর মোবাইলফোন সঙ্গে থাকায়

12 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটিতে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় মোবাইল ফোন সঙ্গে থাকায় মো. রাসেল মিয়া নামের এক পরীক্ষার্থীর খাতাটি নিয়ে নেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটিতে এবার এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ২৯৪ জন।

রবিবার সকাল ১০ টার দিকে পরীক্ষা কেন্দ্রটিতে বাংলা প্রথম পত্র বিষযের পরীক্ষা শুরু হয়। ওইদিন বেলা ১২টার দিকে কেন্দ্রটির ১নম্বর কক্ষটি পরিদর্শনে যান কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল। তিনি এসএসসি পরীক্ষার্থী মো. রাসেলের পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখতে গিয়ে কিছুটা অন্যমনস্ক রয়েছে বলে লক্ষ্য করেন। বিষয়টি ওই কর্মকর্তার সন্দেহ হলে তিনি ওই শিক্ষার্থীর দেহ তল্লাসি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে একটি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে সঙ্গে সঙ্গে ওই পরীক্ষার্থীর খাতাটি তিনি নিয়ে নেন। এতে ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন,পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নেওয়া বেআইনি। ওই পরীক্ষার্থী অনিচ্ছাকৃত ভাবে এ ধরণের ভুল করেছে বলে স্বীকার করায় মানবিক বিবেচনায় শাস্তিস্বরূপ তাঁর খাতাটি তাৎক্ষণিক ভাবে নিয়ে নেওয়া হয়েছে। তবে আগামি পরীক্ষা গুলোতে যথারীতি সে অংশ গ্রহণ করতে পারবে।

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই৷ পরীক্ষা কেন্দ্রটির দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মো. নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা শেষে ওই শিক্ষার্থীর মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়েছে। আগামী পরীক্ষা গুলো যথারীতি সে অংশ নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version