

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত কীর্ত্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন নারীদের উপর ঢিল ছোড়া ও তাঁদেরকে নানা ভাবে উক্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। উক্ত্যক্তের প্রতিবাদ করায় নেপাল সরকার(৪৫) নামের এক ব্যক্তি বখাটেদের মারধরে শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিক মিয়া(২৪) ও শামীম আহম্মেদ(২২) নামের দুই বখাটে যুবককে আটক করেছেন এলাকাবাসী। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সুখাইড় হরিমন্দির প্রাঙ্গণে গত বুধবার সকাল ছয়টা থেকে ২৪প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান শুরু হয়।
আজ শনিবার ভোর চারটার দিকে কীর্ত্তন অনুষ্ঠান থেকে ওই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা নেপাল সরকার(৪৫) ও আশপাশের গ্রামের কয়েকজন নারী নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। তাঁরা ভোর সাড়ে চারটার দিকে সুখাইড় গ্রামের সামনের সড়কে আসা মাত্রই ৮/১০ জন বখাটেরা মিলে কয়েকজন নারীর উপর মাটির টুকরো দিয়ে ঢিল ছুড়েন এবং তাঁদেরকে নানাভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন। ঘটনাটি টের পেয়ে নেপাল সরকার এ নিয়ে প্রতিবাদ করা মাত্রই তাঁকে মারধর শুরু করেন বখাটেরা। বখাটেপনার শিকার নারীদের ডাক চিৎকারে সুখাইড় হরিমন্দির থেকে এলাকার লোকজন ছুটে এসে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের বাসিন্দা মানিক মিয়া(২৪) ও একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা শামীম আহম্মেদ(২২) কে আটক করেন এলাকাবাসী। এ সময় ওই দুইজন বখাটের সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে এলাকাবাসীর হাতে আটক থাকা ওই দুইজন বখাটে যুবকে উদ্ধার করেন । বিকেল তিনটার দিকে ওই দুইজন বখাটে যুবককে থানায় নিয়ে আসা হয়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ভবিষ্যতে যাতে এমন ধরণের ঘটনা আর না ঘটে সে জন্য গ্রাম্য সালিসের মাধ্যমে ঘটনাটি সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর পেয়েছি।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা বলেন,আমি এলাকার বাইরে আছি।ঘটনাটি শুনেছি। এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশকে খোঁজে বের করা উচিত। অপরাধমূলক ঘটনা ঘটে থাকলে অপরাধীরা যাতে কোনো অবস্থাতেই ছাড়া না পায়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,বখাটেপানার অভিযোগে দুই যুবককে আটক করেছিলেন এলাকাবাসী। তাঁদেরকে উদ্ধার করে থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।


