//

ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে আহত তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

10 mins read

রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশা থেকে পড়ে আহত জিনিয়া ইসলাম (২৭) নামের এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জিনিয়াকে হত্যার অভিযোগ এনে তাঁর বন্ধু তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা করেছে জিনিয়ার পরিবার। ঘটনার সময় তানভীর রিকশায় ছিলেন। পুলিশ তানভীরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, জিনিয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখছে পুলিশ। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণের জন্য কিছুটা সময় লাগবে। তবে প্রাথমিকভাবে রিকশা থেকে জিনিয়ার পড়ে যাওয়ার দৃশ্যটি পাওয়া গেছে। কিন্তু পাশে বসে থাকা কেউ ধাক্কা দিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২৩ সেপ্টেম্বর ধানমন্ডি ১ নম্বর‍ সড়কে রিকশা থেকে পড়ে যান জিনিয়া। ওই সময় বন্ধু তানভীরের সঙ্গে নিউমার্কেট থেকে জিগাতলায় যাচ্ছিলেন তিনি। আহত হওয়ার পর তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জিনিয়ার পরিবার সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষ করে বর্তমানে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন জিনিয়া। তিনি জিগাতলা এলাকার গাবতলা মসজিদের পাশে একটি মেসে থাকতেন। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। গতকাল সেখানেই জিনিয়ার লাশ দাফন করা হয়।

পুলিশ জানায়, তানভীর একটি ব্যাংকের কর্মকর্তা। তাঁর সঙ্গে জিনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিছুদিন আগে কোনো কারণে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ঘটনার সময়ও তাঁরা রিকশায় বাগ্‌বিতণ্ডায় জড়ান বলে জানা গেছে। এর জের ধরে উত্তেজিত হয়ে জিনিয়াকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলা দিয়েছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version