

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাজেদা আহমেদকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জল জনপদ নারী এ্বং শিক্ষা উন্নয়ন সংস্থার নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি নারী নেত্রী সাজেদা আহমেদ কে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে পাঁচ শতাধিক নারী অংশ নেয়। গত ৬মার্চ উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে মাঠে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে ওই নারী নেত্রীকে হেয়প্রতিপন্ন করে সংসদ সদস্যের অনুসারীরা বক্তব্য দেন। এ ঘটনার প্রতিবাদে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার বেলা দুইটার দিকে জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। দেড়ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নারী নেত্রী সাজেদা আহমেদ, বংশীকুন্ডা কলেজের প্রভাষক সুমী হাসান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুব মহিলা লীগের সহ সভাপতি মমতাজ বেগম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য রাজিয়া খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,মধ্যনগর উপজেলা পরিষদের ভবন নির্মাণের প্রস্তাবিত এলাকায় গত অর্থ বছরে সরকারি অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের নকশা পরিবর্তন করে সেখানে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর আপন ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করা হয়েছিল। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর মর্যাদা সমুন্নত রাখতে ওই ম্যুরাল থেকে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ছবি ম্যুরাল থেকে সরাতে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে গত বছরের ২৬ডিসেম্বর উচ্চ আদালতে একটি রিট করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা নারী নেত্রী সাজেদা আহমেদ। পরে উচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের ১৮জানুয়ারি বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ছবি অপসারণ করা হয়। এ অবস্থায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাজেদা আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদসহ মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকর্মীদের ওপর সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ক্ষিপ্ত ছিলেন।
গত ৬মার্চ উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে নারী নেত্রী সাজেদা আহমেদসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করে সংসদ সদস্যের অনুসারীরা বক্তব্য দেন। এটি শিষ্ঠাচার বহির্ভূত, মানহানিকর ও দলীয় শৃঙ্খলা বিরোধী। আর এরই প্রতিবাদে তাঁরা মানববন্ধন করেছেন বলে বক্তারা দাবি করেন। এর আগে এ ঘটনার প্রতিবাদে গত ১৩মার্চ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়েনের সর্বস্তরের ব্যন্যারে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
এ নিয়ে সুনামগঞ্জ ১ (ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সাংবাদিকদের বলেন, কাউকে হেয় করে বক্তব্য দেওয়ার বিষয়টি তিনি জানেন না। এনিয়ে তাঁর কোনো বক্তব্যও নেই।


