

ফয়সাল চৌধুরী, নেত্রকোনা জেলা প্রতিনিধি ::
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারের পাকা বাড়ি পেয়ে বদলে গেছে আটপাড়ার উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জীবনমান।
মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আটপাড়া উপজেলায় ১ম পর্যায় থেকে ৪র্থ পর্যায় বরাদ্দকৃত ২৭৭টি ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে উপহার হিসেবে তুলে দেয়া হয় ১ম পর্যায়ে ৯৮টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ৪০টি ও ৪র্থ পর্যায়ে ৮৯টি।

গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাকা বাড়ির সঙ্গে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রয়েছে, ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারায় অনেক খুশি এসব অসহায় মানুষ। শুধু পাকা বাড়ি নয়, উপকারভোগীদের জন্য কাজের ব্যবস্থা করাসহ সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
আটপাড়া উপজেলার দেওশ্রী আশ্রায়ণ প্রকল্পে বাড়ি পাওয়া কাজল মিয়া জানান, আমার বাড়িঘর ছিল না, শশুরবাড়ি থাকতাম। খুব কষ্ট হতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছেন, এখন খুব সুখে আছি, বিদ্যুৎ পানির সুবিধা পাচ্ছি, কাজ শেষে ঘরে ফিরে টিভিতে খবরও দেখি, খুব সুখে আছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ।
ঘর পাওয়া জোছনা বেগম জানান, আগে আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। মানুষের জায়গায় থাকতাম, এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকা বাড়ি পেয়েছি। আমরা বেশ অনেক শান্তিতে আছি, ঘরের পাশে বিভিন্ন শাক সবজি লাগিয়েছি, তা বিক্রি করে সংসার চালাচ্ছি।

ঘর পাওয়া সাফিয়া বেগম বলেন আগে মানুষের বাড়িতে থাকতাম, অনেক কষ্ট হতো, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছেন, মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সারদিন কাজ শেষে রাতে ঘরে শান্তিতে ঘুমাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি।
দৃষ্টিশক্তিহীন মর্জিনা খাতুন বলেন, আমি চোখে দেখিনা, অসহায় মানুষ আগে স্বামীকে নিয়ে পরের বাড়ি থাকতাম মানুষ নানা কথা বলতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দেয়ায় এখন ভালো আছি৷
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, আটপাড়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ১ম, ২য় এবং ৩য় পর্যায়ে মোট ১৮৮টি ঘর নির্মান করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এ উপজেলায় ৪র্থ পর্যায়ে ৮৯টি ঘর নির্মানাধীন আছে। উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে সঠিক ভূমিহীন নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে নতুন ভূমিহীন ও গৃহহীন আছে কি না যাচাই এর জন্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যৌথ সভার আয়োজন করা হয়েছে। উক্ত যৌথ সভায় নতুন কোন আবেদন না পাওয়ায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ উপজেলাকে ক শ্রেণির ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ২১ মার্চ, ২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে নির্মিত ৮৯টি ঘরের উদ্বোধনের পাশাপাশি আটপাড়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে৷


