
নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-১৯ এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৭জন শিক্ষার্থী।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের মনোনীত করা হয়। এই তালিকায় শাবিপ্রবির ৬টি অনুষদ থেকে ৬ জন এবং অধিভুক্ত মেডিকেল কলেজ থেকে ১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রমোদ চন্দ্র বৈদ্য (সিজিপিএ-৩.৯২), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তিশা (সিজিপিএ-৩.৯২), লাইফ সায়েন্সেস অনুষদের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া সিনতি দিশা (সিজিপিএ-৩.৯৫), এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম (সিজিপিএ-৩.৯৫), ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দা রায়হানা আক্তার (সিজিপিএ-৩.৯০), এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী অঙ্গনা কুরি (সিজিপিএ-৩.৮৩), মেডিকেল সায়েন্সেস অনুষদ থেকে অধিভুক্ত মেডিক্যাল কলেজের শিক্ষার্থী মহেশ আচাৰ্য্য (প্রাপ্ত নম্বর-১২৮৮)।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে প্রতিবছরের ন্যায় এবারো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদ রয়েছে, এরমধ্যে যারা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করে তারা এ পদকের জন্য মনোনীত হয়। ফলে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহ পায়। পরিশেষে এমন সম্মানজনক পদক চালু ও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী এবং ইউজিসির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।


