//

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

7 mins read

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আলমাস উদ্দিন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত রোববার দুপুরে পরীক্ষা শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আলমাস আহত হয়। এ সময় অটোরিকশায় থাকা আলমাসের মা হাসিনা, অন্য দুই পরীক্ষার্থী ও অটোরিকশার চালক আহত হন।

আলমাসের মা হাসিনা ও আহত দুই পরীক্ষার্থী এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আলমাস ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে।

আলমাসের মামা জহিরুল হক বলেন, আলমাসের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ছেলের মৃত্যুর খবর মাকে জানানো হয়নি। গ্রামের পারিবারিক কবরস্থানে আলমাসের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ওই পরীক্ষার্থীর লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version