
সাভারে দেড় হাজার টাকা না পেয়ে মোক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে। শনিবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান মোক্তার হোসেন। তিনি পেশায় পরিবহন শ্রমিক। আর অভিযুক্ত রনি পেশায় রিকশাচালক।
জানা গেছে, মোক্তার কুমিল্লার মুরাদনগর থানার আজিজ সরকারের ছেলে। তিনি আমিনবাজার এলাকার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। আর রনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে মোক্তার ও রনি বন্ধু ছিলেন। একই এলাকায় থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানায়, দুই বন্ধু মোক্তার ও রনির টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত ৯টায় রনিকে পাওনা দেড় হাজার টাকা দিতে আমিনবাজার বড়দেশী এলাকায় যান মোক্তার। এ সময় রনি সেই টাকা না নিয়ে আরও চার হাজার টাকা দাবি করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে মোক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়সাল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


