

বাগেরহাটের শরণখোলায় চুরির চেষ্টাকালে আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান দুলাল এর বাড়িতে এ ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার বালুর মাঠ গ্রামের রুস্তুম আলী হাওলাদার এর পুত্র মোঃ রাজু হাওলাদার (২৮), একই গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র মোঃ সুমন হাওলাদার (৩০) এবং মোসলেম আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩২)।
ভ‚ক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন ফাহিম নামের এক যুবক রাজাপুর মাধমিক বিদ্যালয়ের সামনে ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান দুলাল এর বারান্দার চালের টিন কাটতে দেখে। সে বুদ্ধি করে স্থানীয়দের খবর দিলে তারা বাড়িটি চারিদিক থেকে ঘিরে ফেলে চোর চক্রের তিন সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে। এসময় তাদেও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান দুলাল জানান, তিনি এবং তার স্ত্রী ব্যক্তিগত কাজে সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন। চোর চক্রের সদস্যরা চুরি করার উদ্দেশ্যে তার ঘরের পিছনের বারান্দার টিন কেটে ঘরে ঢোকার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়ে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা করবেন বলে জানান।
শরণখোলা থানা পুলিশের এস.আই মোঃ আলী রেজা বলেন, আটককৃত চোর চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন থানায় বিভিন্ন নাম ঠিকানায় একাধিক মামলা রয়েছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, চোরচক্রের তিন সদস্য জনতার হাতে আটক হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


