
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৪মে (সোমবার) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার খাল পূন:খনন কাজের উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইক্ষ্যংছড়ি খালের পূন:খনন কাজের উদ্ভোধন করেন,বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এসময় তিনি বলেন,বর্তমান প্রধান মন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন,সারা বাংলাদেশে সুপেয় পানি পাওয়ার যে সমস্যা আছে সেসমস্ত সমস্যা দুরীকরণ পাশাপাশি পাহাড়ি ঢলের পানি ধরে রাখা, চাষে সেচ সুবিধা বাড়ানো আর শুষ্ক মৌসুমে পানীয় জলের সংকট কমাতে বান্দরবান জেলায় খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছি। বৃষ্টি নির্ভর চাষ খরায় যে ফসল নষ্ট হচ্ছে তা খাল পুন:খনন করে পানি সংরক্ষণ করলে রবিশস্য, আদা, হলুদ ও ফল বাগানে সেচ দেওয়া যাবে।
নতুন করে খনন ও পাড় বাঁধাই করলে বর্ষায় ভূমিধসের ঝুঁকি কমবে। মার্চ মাস এলেই কয়েক কি:মি: দূরে ঝিরি থেকে পানি আনতে হয়। খাল কাটা হলে পাড়ের কাছেই পানি থাকবে,পাহাড়ের পানি পাহাড়েই ধরে রাখতে পারলে বান্দরবানের কৃষি, পর্যটন আর জনজীবন – সবই নতুন গতি পাবে বলে মনে করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মাজহারুল ইসলাম,বান্দরবান জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাচ প্রু,সাবেক উপজেলার চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে তিনি উপজেলা মিলনায়তনে এলাকার হেডম্যান,কারবারী,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এলাকার বিভিন্ন সমসাময়িক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।


