/////

বিভক্ত জাতি কখনো স্বাধীন থাকতে পারে না : বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

13 mins read

বাঞ্ছারামপুর থেকে: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার—এমন মন্তব্য করে যুগপৎ আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, জনগণকে বিভক্ত করে বিদেশি কর্তৃত্বের অধীনে দেশকে ঠেলে দিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত জোট প্রার্থী হিসেবে নিজের পক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের মাত্র দুদিনের মাথায় বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন, বিভক্তি কিংবা প্রতিশোধের রাজনীতি নয়, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেই দেশকে এগিয়ে নিতে হবে। যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারে না, সেই জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় হুমকির মধ্যেই থাকে।”

তিনি আরও বলেন,“পৃথিবীর দিকে তাকান,বিভক্ত দেশগুলোতে কী হচ্ছে। আমাদের দেশেও একই ষড়যন্ত্র হয়েছে। তাই এই মুহূর্তে ঐক্যবদ্ধ নেতৃত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
গণভোট ও নির্বাচনের প্রসঙ্গ টেনে জোনায়েদ সাকি বলেন, “যদি শাসনব্যবস্থা বদলাতে চান, তাহলে আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শহীদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদ অনুমোদন করতে হবে। আর যদি রাষ্ট্র ব্যবস্থার মেরামতের কাজ এগিয়ে নিতে চান ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
তিনি বলেন, “বাঞ্ছারামপুরে যুগপৎ আন্দোলনের প্রার্থী হচ্ছে মাথলা মার্কা। মাথলাই হচ্ছে বাঞ্ছারামপুরের ধানের শীষ।” বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন, জেলা বিএনপির সদস্য সালে মুসাসহ দলীয় ও জোট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version