
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দরাপপুর নোয়াগাঁও গ্রামের খানিকটা পূর্বপাশে থাকা বৌলাই নদীর পশ্চিমপাড়ে একটি পণ্যবাহী ইঞ্জিন চালিত নৌকায় আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা ওই নৌকায় থাকা বেকারি ব্যবসায়ী মিল্টন সাহা রায় (৫০) নামের এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর কাছ থেকে নগদ ২ লাখ ৯১ হাজার ২শত টাকা ছিনিয়ে নিয়েছে। আহত ওই ব্যবসায়ীর বাড়ি পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুজাকুলিয়া গ্রামে। এ ঘটনায় তিনজন ডাকাতকে আটক করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুজাকুলিয়া গ্রামের বাসিন্দা বেকারী ব্যবসায়ী মিল্টন সাহা রায় (৫০) পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারে বেকারীর মালামাল বিক্রি করে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ইঞ্জিন চালিত ট্রলার নৌপথে কলমাকান্দার উদ্দেশ্যে রওয়ানা দেন। এই নৌকাটি সকাল সাড়ে ১০টার দিকে দিকে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দরাপপুর নোয়াগাঁও গ্রামের পূ্র্বপাশে বৌলাই নদীর পশ্চিমপাড়ে এলে আগে থেকে ওৎপেতে থাকা ছয়জনের একটি ডাকাত দল এই নৌকায় হানা দিয়ে নৌকায় থাকা ব্যবসায়ী মিল্টন সাহা রায় কে মারধর করে তার কাছ থেকে দুই লাখ ৯১হাজার ২০০টাকা ছিনিয়ে নেয়।
ওই ব্যবসায়ীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতির ঘটনায় জড়িত মহিবুল মিয়া (৫০), সোহরাব মিয়া (২৫) ও ইমরান মিয়া (৫০) কে আটক করে তাদের কাছ থেকে এক লাখ ৪৭ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়। বাকি তিনজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়৷
পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে ওই তিনজনকে ডাকাতকে উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক বলেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি উপজেলার সোলেমানপুর গ্রামে। ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মারধরে আহত ওই ব্যবসায়ী সাময়িক চিকিৎসা নিয়েছেন।


