
রাঙ্গামাটি প্রতিনিধি :: ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটিতে ২১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২০টি কেন্দ্র রয়েছে দূর্গম পাহাড়ী অঞ্চলে। ভোগোলিক অবস্থার ও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে এইসব কেন্দ্রে পায়ে হেঁটে যাওয়ার কোন উপায় নেই। আর কোন কোন কেন্দ্রে পৌছাতে সময় লেগে যায় ২/৩দিন। এ কারণে এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মীদের হেলিকপ্টারে করে পাঠানো শুরু হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে পৃথক পৃথক ভাবে দুর্গম ২০টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার করে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচন কর্মীদের পাঠানো শুরু হয়। দুর্গম ২০টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুটি, জুরাছড়িতে সাতটি ও বিলাইছড়িতে পাচঁটি কেন্দ্র রয়েছে। এসব দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ৩০ হাজারের বেশি ভোটার রয়েছে।
কয়েক ধাপে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। সড়ক ও নৌপথে যোগাযোগের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, রাঙ্গামাটির ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। এগুলোর জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে। কয়েক ধাপে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে এবার রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি ৪ উপজেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আনা নেয়ায় হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, রাঙ্গামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা রয়েছে দুইজন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


