

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বাংলাদেশ টি স্টেট স্টাফ এসোসিয়েশন এর উদ্যোগে সকাল ১০ টা থেকে চলা আলোচনা সভা শেষ হয় বিকেল ৪টায়।
শহরের গুহরোডস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ টি স্টাফ অ্যাসোসিয়েশন নারী কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমিন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ টি স্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমদ।
নারী কমিটির সদস্য সচিব পিংকি বর্মার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ টি স্টেট স্টাফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, সহ-সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী শাওন ও কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভ্যালি কমিটির নেতৃবৃন্দ, নারী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন চা বাগানে কর্মরত নারীরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়নকে শক্তিশালী করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, সংসদে স্পিকার নারী, এছাড়াও নারীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠা ও দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন।
তারা আরো বলেন, চা বাগানে নারীরা এখনো অনেক কিছু থেকে বঞ্চিত। একজন নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি পান ৪ মাস। অথচ ৪ মাসে একজন মা কখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব না। যেখানে একটি শিশুকে জন্মের পর টানা ৬ মাস মায়ের বুকের দুধ পান করার কথা। সেখানে ৪ মাস বয়সেই ছোট্ট শিশুকে ঘরে রেখে মায়েরা কাজ করতে চা বাগানে ছুটে যান। এতে করে চা বাগানের নারী শ্রমিক ও শিশুরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। বক্তারা নারী দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ও চা বাগান মালিকদের কাছে আহ্বান জানান নারী চা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার।


