
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি এক শোকবার্তায় বলেন, মরহুম আব্দুর রাজ্জাক তৎকালীন অবিভক্ত ছাতক-কোম্পানীগঞ্জের বিশাল এলাকা নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি এলাকায় সালিশ বিচারের জন্য বেশ পরিচিত ছিলেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য শনিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় আব্দুর রাজ্জাক তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।


