
সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইওম) প্রতিনিধি দল। আজ সকাল সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমপি) ইভারস আইজাবস-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনের প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের দিন ভোটারদের স্বতস্ফূর্ত নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ব্যাপারে তাঁর মতামত জানতে চান। বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে আজ সকালে আমার বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা মূলত: নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন নির্বাচনের পরিবেশ আছে কি না- এসব সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছেন। তবে, বৈঠকে ইইউ মিশন নিজেদের কোন পর্যবেক্ষণ জানায়নি।
তিনি আরও বলেন, কোন দলের পক্ষে বা বিপক্ষে তাদের (ইইউ) অবস্থান নাই। ভোটের পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণের জন্য তারা এসেছেন বলে আমাকে জানিয়েছেন। বৈঠকটি সমন্বয় করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী মিডিয়া সেল এর সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বদর।


