////

গাছের মগডালে রাতভর ‘নিখোঁজ’ নারী: কৌতূহল, আতঙ্কে সরগরম কুড়িগ্রাম

9 mins read

নিখোঁজের রাত পেরোতেই দেখা মিলল তেঁতুল গাছের মগডালে—এমন অস্বাভাবিক এক ঘটনাকে ঘিরে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, কৌতূহল ও নানা জল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী গত মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার (৬ মে) সকালে হঠাৎ করেই এলাকাবাসীর নজরে আসে এক বিস্ময়কর দৃশ্য—পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুল গাছের মগডালে অবস্থান করছেন ওই নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো ডালে বসে, কখনো শুয়ে ছিলেন। এমনকি গাছের ওপর বসেই তাকে কিছু খেতেও দেখা গেছে।

ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে একটি দৃশ্য—তার ছেলে গাছে উঠতে চাইলে, তিনি উপর থেকে কিছু মিষ্টি ছুড়ে দেন নিচে। এ দৃশ্য ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল। প্রথমদিকে ওই নারী নিচে নামতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকিও দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে অনেক চেষ্টা ও কৌশল প্রয়োগ করে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন এটি মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ, আবার কেউ একে ‘অতিপ্রাকৃত’ ঘটনার সঙ্গে যুক্ত করছেন। তবে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক ব্যাখ্যা মেলেনি।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি উঠছে প্রশ্ন—একজন নারী কীভাবে রাতভর একটি উঁচু গাছের ডালে অবস্থান করলেন? আর এর পেছনে আসল কারণটাই বা কী?

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version