////

চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস

14 mins read

চুয়াডাঙ্গা-৬ বিজিব ব্যাটালিয়নের উদ্যোগে ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদকদ্রব্য ধ্বংসকরা হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দকরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

বুধবার (৬ মে) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিএম, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান স্বাগত বক্তব্যে বলেন,​ ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশী মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেন্সিডিল, ​২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৫ হাজার ৪৮৫টি ​ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট, ১৯টি ইনজেকশনসহ উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় বিয়ার, কোকেন ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিএম, পিএসসি তার বক্তব্যে বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে বিজিবির ভূমিকা অনস্বীকার্য। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের এই মরণব্যাধি রুখে দিতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জামাল আল নাসের, মেহেরপুর জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার ইনচার্জ এম.মোরশেদ,মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ​বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version