
‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। এতে প্রথম পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে অংশ নিচ্ছেন ১ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।
শুক্রবার (৫ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান।
তিনি বলেন, শনিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, বি, সি, ডি এবং ই এ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ১ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।
তিনি বলেন, ইতিমধ্যে সিট প্ল্যানও টাঙিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করছেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশে পাশে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে করোনার পর থেকে তৃতীয়বারের মতো রাজধানীর বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও শাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা।
এছাড়া আগামী শুক্রবার (১২ মে) ‘বিজ্ঞান ইউনিট’ এবং শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


