
ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫মামলায় হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০১৩ সালের ৫মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মামুনুল হক। পরে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন মামুনুল। এনিয়ে ২০২১সালের ২৬মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।
এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। একই বছরের ৩এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন তিনি। তবে ওই রিসোর্টে হামলা চালিয়ে মাওলানা মামুনুলকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা।
এরপর ওই বছরের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


